সাভারে ওরস আয়োজন নিয়ে আপত্তি, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তৌহিদি জনতার স্মারকলিপি

সাভারে ওরস বন্ধের দাবিতে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের স্মারকলিপি
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার মডেল থানায় স্মারকলিপি জমা তৌহিদি জনতা’র। ছবি: সংগৃহীত

সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও থানায় স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।

রোববার ‘তৌহিদি জনতা’র ব্যানারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার মডেল থানায় পৃথক স্মারকলিপি দেওয়া হয়। এতে কাজী জাবের আল জাহাঙ্গীরের বিরুদ্ধে ওরসকে কেন্দ্র করে ইসলামবিরোধী ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

স্মারকলিপিতে হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বাক্ষর করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, কাজী জাবের আল জাহাঙ্গীরের সঙ্গে তাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

তিনি বলেন, ওরসের নামে ইসলামবিরোধী কোনো কার্যক্রম হয়ে থাকলে তা বন্ধ করা প্রয়োজন।

এদিকে অভিযোগগুলো অস্বীকার করেছেন কাজী জাবের আল জাহাঙ্গীর। তিনি দাবি করেন, তাকে নিয়ে ধর্মীয় বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

জাবের আল জাহাঙ্গীর বলেন, প্রায় ১৯ বছর ধরে তার বাবার ওফাত উপলক্ষে বাড়িতে ঘরোয়াভাবে ওরস হয়ে আসছে। এবারও বাড়ির সীমানার ভেতরেই অনুষ্ঠান হবে। এ জন্য বাইরে কোনো প্যান্ডেল বা মাইক ব্যবহার করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *