শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করছে সরকার, ২০২৭ সালে নতুন বই-ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করছে সরকার, ২০২৭ সালে নতুন বই-ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। এবার বইয়ের মান নিশ্চিত করতে উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিম্নমানের বই সরবরাহের অভিযোগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, মান যাচাইয়ে ত্রুটি পাওয়ায় প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের সরবরাহ করা বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার পরও কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা দূর করে এটিকে আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ধারাবাহিকভাবে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

One thought on “শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করছে সরকার, ২০২৭ সালে নতুন বই-ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *