বিটিভিকে আধুনিক ও বিশ্বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনা

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহৎ পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
কাজী জেসিন বলেন, বিটিভিকে শুধু অতীতের অবস্থানে ফিরিয়ে নেওয়া নয়, বরং একটি আধুনিক, অনন্য ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বিটিভিকে একটি ‘ক্রেডিবল চ্যানেল’ হিসেবে দেখতে চান বলেও জানান তিনি।
বিটিভির মহাপরিচালক বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রচারযন্ত্র হিসেবে ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও দর্শকদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

তার ভাষ্য, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় বিটিভিতে আধুনিকতা, পেশাদারিত্ব ও জনআস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি অভিভূত হয়েছেন উল্লেখ করে কাজী জেসিন বলেন, ‘মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
তিনি আরও বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়। তবে বিটিভিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্যোগটি একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দের। সেই লক্ষ্যেই ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। কাজী জেসিন বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরে যাবে না; প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে চান। পরিবর্তনের এই যাত্রায় সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
