গত ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী পার্থ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর ধরে দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর রাখতে সংবাদমাধ্যমের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও সঠিকভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে সরকারের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে অন্যায় বা অনিয়ম না ঘটে। তিনি পারস্পরিক সমন্বয় ও টিমওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিদান দিতে সবাইকে পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
