অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও, গাজীপুরে কলেজছাত্র গ্রেপ্তার

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ এবং সেখানে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গাছা থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। দলীয় সূত্রের দাবি, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে নানা ধরনের বক্তব্য ও পোস্ট দিয়ে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার প্রায় এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন তিনি। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্টদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে।
ভিডিওতে নিজের বাসায় বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়টি নিয়েও কথা বলেন সিফাত। তার দাবি, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এই বিলকে অস্বাভাবিক ও অতিরিক্ত বলে দাবি করেন।
আরও পড়ুন: বিপিএলের ধাক্কা সামলাতে ঘরোয়া ক্রিকেটে বাড়ল ম্যাচ ফি
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান। এরপর বৃহস্পতিবার রাতে সিফাতকে তার বাসা থেকে নিয়ে যায় পুলিশ।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিফাতকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে থানায় তার সমর্থকরা জড়ো হন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, সিফাত এনসিপির সমর্থক এবং ইনকিলাব মঞ্চের একজন অ্যাক্টিভিস্ট। তার ভাষ্য, সিফাত বয়সে তরুণ এবং তাকে অযথা আটক করা হয়েছে।
