বাংলাদেশের সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক

The current image has no alternative text. The file name is: Sama-Obayed-scaled.png

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে এই আগ্রহের কথা জানান তিনি। কপ-৩১ জলবায়ু সম্মেলন উপলক্ষে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন বাংলাদেশ প্রতিনিধিদলের এই বিশিষ্ট সদস্য।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রথম দিনেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ ও আন্তরিক আলোচনা হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে নারী ও শিশুদের জীবনযাত্রায় তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো গুরুত্ব পায়। এ সময় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের সহনশীলতা ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন এমিনে এরদোয়ান।

আলোচনায় বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করে তুর্কি ফার্স্ট লেডি বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব রোধে এর বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত ও পচনশীল পণ্যের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের রপ্তানি সম্প্রসারণে তুরস্ক সহযোগিতা করবে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের সামনে তৈরি হওয়া সামাজিক ও স্বাস্থ্যগত সংকটগুলো তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন জনবান্ধব উদ্যোগ, বিশেষ করে দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি সম্পর্কে এমিনে এরদোয়ানকে অবহিত করেন তিনি। তুর্কি ফার্স্ট লেডি এসব উদ্যোগের প্রশংসা করে বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের প্রসার এবং নারীর ক্ষমতায়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

রোহিঙ্গা সংকটেও তুরস্কের দৃঢ় অবস্থান

দ্বিপক্ষীয় এই বৈঠকে গুরুত্ব পায় চলমান রোহিঙ্গা সংকটও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এমিনে এরদোয়ান নিজে বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। সেই থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের নিরলস ভূমিকা অব্যাহত রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হিসেবে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়। তবে প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তুরস্কের ফার্স্ট লেডি।

উপকূলীয় নারীদের জন্য বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং চরম প্রতিকূল পরিবেশে জীবনযাপনের নানা দিক বৈঠকে বিশদভাবে আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করে এমিনে এরদোয়ান জানান, এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে খুব শীঘ্রই তারা একটি বিশেষজ্ঞ দল পাঠাবেন। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে তুরস্কের ফার্স্ট লেডিও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে শিগগিরই ঢাকা আসার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *