ক্ষমতায় আসার আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

The current image has no alternative text. The file name is: BNP-scaled.png

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে যেসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন সালেহ শিবলী।

প্রেস সচিব বলেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বর্তমানে দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

সালেহ শিবলী জানান, কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সম্মেলনে ভাষণ দিয়েছেন। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। সম্মেলনে বিভিন্ন সেমিনার ও আলোচনা এখনো চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে প্রেস সচিব বলেন, সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে বাংলাদেশের উত্থাপিত পাঁচ দফা দাবির বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, এবারের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মোট ২১ জন গিয়েছিলেন। এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে বিমানবন্দরে হাজার হাজার মানুষের উপস্থিতির যে প্রচলিত চিত্র ছিল, তা থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, কপ৩১ সম্মেলন ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *