ঘুষকে বৈধতার অভিযোগ প্রত্যাখ্যান মন্ত্রনালয়ের, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেওয়া বিবৃতিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের মূল বিষয় আড়াল করে তাঁর অনানুষ্ঠানিক কথোপকথনের কিছু অংশ ছড়িয়ে দিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ অবস্থান তুলে ধরা হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের উদ্দেশে দেওয়া আনুষ্ঠানিক বক্তব্যে প্রতিমন্ত্রী সরকারি কাজের মান বজায় রাখা, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন এবং ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থাকার নির্দেশনা দিয়েছিলেন।
এ ছাড়া সরকারি ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) কঠোরভাবে অনুসরণের কথাও বলেছিলেন তিনি।
মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের বিষয়টি উপেক্ষা করে তাঁর সঙ্গে প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপের কিছু অংশ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এর মাধ্যমে বক্তব্যটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত। এ ধরনের বক্তব্য সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে রাজনৈতিক অপপ্রচারের শামিল। সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে বিশ্বাসী।
এদিকে, বুধবার সকালে এলজিইডি ভবনে আয়োজিত এক কর্মশালায় গণমাধ্যমের সামনে আগের দিনের অনানুষ্ঠানিক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি ওই বক্তব্যগুলো প্রত্যাহার করেন। মন্ত্রণালয়ের তথ্যবিবরণীতে বলা হয়েছে, এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
