রাড্ডা ক্লিনিক ভাঙচুর: এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন: প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের তালিকা হালনাগাদ করছে পুলিশ। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে অভিযানও চলছে এবং তা আরও জোরদার করা হবে।
তবে তিনি বলেন, ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা হলে এর বিচার জনগণই করবে।
সরকারের গত আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় নিচ্ছে না সরকার। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

Pingback: ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে যাচাই-বাছাই করবে সরকার: বাণিজ্যমন্ত্রী