ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে যাচাই-বাছাই করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ছাড়া হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করেই এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে সরকারের কাছে নতুন করে প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: রাড্ডা ক্লিনিক ভাঙচুর: এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন
এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। সার্বিক পরিস্থিতি যাচাই করে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণের পরই ভোজ্যতেলের দাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে দেশি-বিদেশি বিনিয়োগে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বিনিয়োগ পরিবেশের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সিলেট সদরের কানিশাইলে সুরমা নদীর ডানতীরের নদী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

Pingback: জামায়াতের আসনগুলোতেই কৃত্রিম সারসংকটের চেষ্টা: প্রতিমন্ত্রী