একজন মানুষ (শেখ হাসিনা) কত নির্লজ্জ/বেহায়া হলে তার সকল কৃত কর্মকে অস্বীকার

আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, অতীতের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে জনগণ ও দলীয় নেতাকর্মীদের সামনে দেশে ফেরার প্রত্যাশা তৈরি করা বাস্তবসম্মত নয়।
বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: পলাতক শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছি না: নাছির উদ্দীন
সোহেল তাজ বলেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে। তবে তিনি দাবি করেন, অতীতের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা বা দায় স্বীকার না করে দেশে ফেরার আশা দেখানো জনগণকে বিভ্রান্ত করার শামিল।
নিজের পোস্টে তিনি শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন বিষয় উল্লেখ করে অভিযোগ তোলেন যে, গণতন্ত্র, মানবাধিকার, দুর্নীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে ওঠা সমালোচনাগুলো অস্বীকার করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, আত্মসমালোচনার পরিবর্তে ষড়যন্ত্রের ব্যাখ্যা সামনে এনে দলকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে।
বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে সোহেল তাজ দাবি করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা খুবই বিরল। তার ভাষ্য অনুযায়ী, ইতিহাসে এমন কয়েকটি উদাহরণ থাকলেও সেগুলো মূলত সামরিক অভ্যুত্থানের পর ঘটেছিল, গণঅভ্যুত্থানের পর নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। তার দাবি, শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তাই দেশে ফিরলেও তিনি ক্ষমতায় ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলার কথাও উল্লেখ করেন।
