পলাতক শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছি না: নাছির উদ্দীন

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির | ফাইল ছবি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ভারত থেকে দেওয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাছির উদ্দীন।

পোস্টে তিনি উল্লেখ করেন, পলায়নের দুই বছর পর সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার পর্দার আড়ালে আয়োজিত কথিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে বিদেশে অবস্থান করে বাংলাদেশবিরোধী, ষড়যন্ত্রমূলক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন।

নাছির উদ্দীন বলেন, ভারতীয় কর্তৃপক্ষের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখা। একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, মত ও আদর্শের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, শেখ হাসিনার প্রশ্নে তারা ২০২৪ সালের ৫ আগস্টের প্রথম প্রহরের মতোই ঐক্যবদ্ধ থাকবেন। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ভবিষ্যতেও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *