মাদারগঞ্জে ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক উপজেলা জামায়াত আমির গ্রেপ্তার

Current image: র‌্যাব হেফাজতে থাকা মাদারগঞ্জের সাবেক উপজেলা জামায়াত আমির মো. আব্দুল ওয়াহেদ।
উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আব্দুল ওয়াহেদ। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বিকেলে জামালপুর সদর থানার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আদালতে হাজির করা হলে জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাবের তথ্য অনুযায়ী, আব্দুল ওয়াহেদ আল আকাবা বহুমুখী সমবায় সমিতি-এর পরিচালক ছিলেন এবং গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

এছাড়া তিনি মাদারগঞ্জের মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির ১২ হাজার ৬৬১ জন গ্রাহকের প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই অভিযোগের পর তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, আব্দুল ওয়াহেদ আগে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তাকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *