বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশেষ দূত সার্জিও গর
ছবি: পিএমও

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিদ্যমান অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মার্কিন বিশেষ দূত সার্জিও গর বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। তিনি জানান, এই অংশীদারিত্ব আরও শক্তিশালী করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারগুলোর একটি এবং উভয় দেশ একসঙ্গে কাজ করলে বাস্তবসম্মত ও ইতিবাচক ফল অর্জন সম্ভব।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সফরকালে দুই দেশের সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *