হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি করলেন সংসদ সদস্য মাহমুদা মিতু

The current image has no alternative text. The file name is: Mitu-scaled.png

বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় গিয়ে তিনি জিডি করেন। এ সময় এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতসহ দলের কয়েকজন নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।

জিডি শেষে সাংবাদিকদের মিতু জানান, বেশ কয়েক দিন ধরে একটি গোষ্ঠী তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার পাশাপাশি ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।

মিতুর অভিযোগ, ভারত থেকে ফোন করেও তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টিকে শুধু ব্যক্তিগত নিরাপত্তার সমস্যা হিসেবে না দেখে কূটনৈতিকভাবেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনকে তলব করে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের বিষয়ে দিল্লির কাছে জবাব চাওয়ার দাবি জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর মতে, একজন জনপ্রতিনিধিকে নিজের নিরাপত্তার জন্য থানায় যেতে হওয়া সরকারের জন্য বিব্রতকর। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থানকালে মিতুর ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। এনসিপির মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ২৯ মিনিটে আসা ওই কল থেকে তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। অন্যথায় তাঁকে টুকরো টুকরো করে ফেলার কথা বলা হয়।

গত ১৩ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টেও মিতু জানিয়েছিলেন, প্রায় এক সপ্তাহ ধরে বিদেশি বিভিন্ন নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি।

এদিকে সোমবার থানায় জিডি করতে যাওয়ার পরও নতুন করে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তাঁর দাবি, দুপুর ২টার দিকে একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়।

সংসদে বসে হুমকির ফোন পাওয়ার বিষয়টি উল্লেখ করে মিতু বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ নারীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা নিয়েও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নিজ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি গঠন করা হয়েছে। এসব কর্মকাণ্ডকে দেশের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন এনসিপির এই নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *