ডিসেম্বরের অপেক্ষা নয়, এখনই দেশে আসুন, প্রয়োজনে টিকিট পাঠাব: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ডিসেম্বরের অপেক্ষা নয়, এখনই দেশে আসুন, প্রয়োজনে টিকিট পাঠাব: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনই দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে তাঁর ফেরার টিকিট পাঠানোর কথাও বলেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইলে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি বাংলাদেশে আসবেন বলছেন, আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না, এখনই আসুন। প্রয়োজনে আমরাই টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন।’

বিগত সরকারের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি, অর্থ লুটপাট ও ভোটাধিকার হরণের অভিযোগ তোলেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এসব ঘটনায় দায়ীদের বাংলাদেশের মাটিতেই বিচার হবে। জুলাইয়ের হত্যাকাণ্ডের স্মৃতি দেশের মানুষ ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতির মাধ্যমে দেশে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে জিয়া পরিবারের নেতৃত্বে আবারও ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। উন্নয়নে বাধা বা ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, ইতোমধ্যে ১৮৬টি রাস্তায় ইটের সলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তায় কাজের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ এনে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, গৃহহীনদের জন্য ৩৬টি ঘর নির্মাণ করা হচ্ছে এবং আরও ১০৪টি ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। পারুখি ব্রিজসহ কয়েকটি সেতুর অনুদানসংক্রান্ত প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাবার জনসেবার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বাবার মতো তিনিও নান্দাইলের মানুষের পাশে থেকে কাজ করতে চান।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, নজরুল ইসলাম ফকির, রফিকুজ্জামান ভূঁইয়া মনির, আইনজীবী আবদুস সালাম ও আবুল খায়ের বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *