ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট পথে ট্রেন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়ন থেকে পৃথক করা ছয়টি গ্রাম ফিরিয়ে দেওয়া এবং সদর উপজেলার একাংশ নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। একই সময়ে আখাউড়া–আগরতলা সড়কও অবরোধ করা হয়। ফলে ওই পথে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
রেলপথ অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সড়কেও যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে পৃথক বরিশল ইউনিয়ন গঠন করা হয়। নতুন ইউনিয়নটি আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
বাসিন্দারা জানান, শুরু থেকেই তাঁরা এই প্রশাসনিক পরিবর্তনের বিরোধিতা করছেন। ছয়টি গ্রাম আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখার দাবি জানালেও দীর্ঘদিনে সমাধান হয়নি।
এর মধ্যে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন এবং আখাউড়ার অন্তর্ভুক্ত বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের ভিত্তিতে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর তাঁরা প্রতিবাদে অবরোধ কর্মসূচি শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।
