ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকোট

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকোট
ছবি: সংগ্রহীত

ইসরায়েলে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থার মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকোটকে রোববার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে বলা হয়, আইজেনকোটকে প্রেসিডেন্টের বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন।

নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে সর্বোচ্চ ২৭টি আসন পেয়েছে। তবে তাঁর ধর্মীয় ও জাতীয়তাবাদী দলগুলোর জোটের সম্মিলিত আসনসংখ্যা ৫৩। ফলে বৃহত্তম জোট হয়েও সরাসরি সরকার গঠনের অবস্থানে নেই তারা।

অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাঁকে ঘিরে গড়ে ওঠা চারটি ইহুদি নেতৃত্বাধীন দলের জোট পেয়েছে ৪৮টি আসন। আরব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দুটি দল পেয়েছে মোট ১৯টি আসন।

আরব দলগুলোর সমর্থন যুক্ত হলে আইজেনকোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। তবে তিনি তাদের সঙ্গে জোট সরকার গঠনে অনাগ্রহ জানিয়েছেন। তা সত্ত্বেও নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী মিত্রদের বিরোধী আরব নেতারা সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। এতে প্রেসিডেন্টের পরামর্শপ্রক্রিয়ায় সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকোট জাতীয় জরুরি সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকারও করেছেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর সরকার গঠনে প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন আইজেনকোট। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

তাঁর সামনে সম্ভাব্য বিকল্প হিসেবে রয়েছে আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন, অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে সমঝোতা কিংবা নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা। তবে প্রতিটি বিকল্পেই রাজনৈতিক মতপার্থক্য বড় বাধা হয়ে রয়েছে। অতীতেও আইজেনকোট ও তাঁর মিত্ররা অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠনে অনাগ্রহ দেখিয়েছেন।

আইজেনকোটের উদ্যোগ ব্যর্থ হলে বিকল্প প্রার্থীকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। পরবর্তী প্রচেষ্টাগুলোও সফল না হলে ইসরায়েলকে আবার নির্বাচনের পথে যেতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *