স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্পিকার বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জার্মান পর্যবেক্ষক দলের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি বাংলাদেশ ও জার্মানিকে গণতান্ত্রিক ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেও উল্লেখ করেন।
বৈঠকে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বর্তমান সরকারের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কার্যকর করতে জার্মানির সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সংসদীয় কমিটি গঠন এবং মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনের সম্ভাবনার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। এ সময় স্পিকার দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস সম্পদ অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।
স্পিকার বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্ব রয়েছে। তাই সম্ভাবনাময় জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।
বৈঠকে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
