জুলাই অভ্যুত্থান কারও একার নয়, মালিকানা দাবিতে রাজনীতি এগোবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও নির্যাতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ২০২৪ সালের অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। এর পেছনে বহু মানুষের দীর্ঘ সংগ্রাম রয়েছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার হয়ে এখনো ফিরে না আসা ব্যক্তিদের পরিবারের ত্যাগের কথাও তুলে ধরেন তিনি।
দেশের স্বাধীনতার মতো জুলাই অভ্যুত্থানও কারও একার কৃতিত্ব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের রাজনীতিকেরা এর একক মালিকানা দাবি করতে থাকলে তাঁদের রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাদের মধ্যে ক্ষমতায় থাকার মেয়াদ বাড়ানোর প্রবণতা ছিল। সংস্কার ও বিচারের কার্যক্রম সামনে রেখে নির্বাচন পিছিয়ে দেওয়ার লক্ষ্য ছিল বলেও দাবি করেন তিনি। সে সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পর্যাপ্ত আলোচনা ও সমঝোতার অভাব ছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আঞ্চলিক প্রভাব ও ষড়যন্ত্রের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বাংলাদেশে জিয়াউর রহমানের রাজনীতির পুনরুত্থান ঘটেছে এবং দীর্ঘদিনের আধিপত্যের অবসান হয়েছে। তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হবে না উল্লেখ করে তা মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাত এড়িয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিভিল সার্ভিসের কাজ দেশ ও জনগণের সেবা করা। রাজনৈতিক চাপ, প্রলোভন কিংবা ভয়ের কারণে দায়িত্ব পালনে বিচ্যুতি ঘটলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এ প্রসঙ্গে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে সমালোচনা করেন তিনি।
নির্বাচনব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির মতো আরও কয়েকটি নির্বাচন হলে ব্যবস্থাটি পরিশুদ্ধ হবে বলে তিনি মনে করেন। প্রতি পাঁচ বছর পর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার অঙ্গীকারও তুলে ধরেন তিনি।
কোনো সরকারই স্থায়ী নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের সমর্থনই নির্ধারণ করবে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

