কোনো ডিসেম্বরেই ‘আপার’ দেশে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো ডিসেম্বরেই ‘আপার’ বাংলাদেশে ফেরার সুযোগ নেই। দেশে ফিরলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে।
ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ তুলে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ও বিশ্ববিদ্যালয়গুলো এখনো সজাগ রয়েছে—শিক্ষার্থীদের কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে উসকানিতে রাজনৈতিক ফায়দা হবে না: রিজভী
ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, গত দুই বছরে ওসমান হাদী হত্যা এবং জুলাইয়ে নিহত ব্যক্তিদের হত্যার বিচার তাঁরা পাননি। তাঁর ভাষ্য, মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হলে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।
৭ নভেম্বর ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁরা উভয় ঘটনাকেই বিপ্লব হিসেবে বিবেচনা করেন। তাঁর অভিযোগ, বর্তমান সরকার নিজেদের অনুকূলে থাকা ঘটনাকে বিপ্লব হিসেবে স্বীকৃতি দিলেও অন্যদের নেতৃত্বে সংঘটিত ঘটনাকে শুধু আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে উপস্থাপন করে।
শিক্ষার্থীদের স্থানীয় দাবির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়েও ভাবার আহ্বান জানান তিনি। নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তার পরিসর পুরো দেশ ও বিশ্ব পর্যন্ত বিস্তৃত হওয়া প্রয়োজন।
বিশ্বের পরিবর্তনশীল চিন্তা, জ্ঞান ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে খোঁজ রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের শুধু দেশের চাকরির বাজারে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠার উপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
