বাবা আশা দেখালেও ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা নাকচ করলেন নেইমার

ব্রাজিলের জার্সিতে নেইমার
ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার জুনিয়রের অধ্যায় শেষ বলেই মনে হচ্ছে। তার বাবা নেইমার সিনিয়র ২০৩০ বিশ্বকাপে ছেলের খেলার সম্ভাবনার কথা বললেও, জাতীয় দলে ফেরার বিষয়ে নিজ অবস্থান স্পষ্ট করেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

সোমবার (৩ আগস্ট) ষষ্ঠ ‘নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউট’-এর নিলাম অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নেইমারের বাবা। তিনি জানান, চার বছর পরের বিশ্বকাপে ছেলের খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

তিনি আরও বলেন, সে বলেছিল, ‘আমার মনে হয়, আমার জন্য এটাই শেষ।অর্থাৎ সে এখন এমনটাই মনে করছে। কিন্তু আমরা তো জানি না আগামীকাল কী হতে যাচ্ছে। এখনই ২০৩০ বিশ্বকাপ নিয়ে নিশ্চিত কিছু বলা যায় না।

তবে বাবার এমন মন্তব্যের পরই রসিকতার সুরে নিজের অবস্থান পরিষ্কার করেন নেইমার। তিনি বলেন, কিন্তু মাঠে তো তিনি (বাবা) খেলবেন না, খেলতে হবে আমাকে।

গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফ ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। সেখানে আমি ইতিহাস গড়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় নেইমার জানান, দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং সবসময় দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

তার ভাষায়, অনেক কিছুই পার করেছি। সব সময় নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং হলুদ জার্সির জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি। কিন্তু আমার মনে হয়, এবার যথেষ্ট হয়েছে।

২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে শেষ ষোলোতে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। চোটের কারণে পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ খেলতে পারেন নেইমার। বিদায়ের ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে নেইমার জানান, আপাতত সব মনোযোগ স্বদেশি ক্লাব সান্তোসে। চলতি বছরের ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

নেইমার বলেন, আমি এখনই থামার কথা ভাবছি না। আবার কত দিন খেলব, সেটাও জানি না। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়া পর্যন্ত এই জার্সির সম্মানে সেরাটা দিতে চাই। এরপর সিদ্ধান্ত নেবসান্তোসে থাকব, অন্য কোথাও যাব, নাকি ফুটবলকে বিদায় জানাব।

জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ক্লাব ফুটবলে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেইমার। এখন তার ভবিষ্যৎ নির্ভর করছে চলতি মৌসুম শেষে নেওয়া সিদ্ধান্তের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *