দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল | ছবি: সংগৃহীত ও মানবজাগরণ সম্পাদিত

দিল্লিতে অনুষ্ঠিত শেখ হাসিনাকে ঘিরে একটি অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে তিনি বলেন, ওই অনুষ্ঠানে প্রকাশিত হতে পারে এমন কোনো মতামত বা বক্তব্যকেও ভারত সরকার সমর্থন করে না।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রণধীর জয়সওয়াল জানান, সংশ্লিষ্ট অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে। এতে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। পাশাপাশি ওই ফোরামে উপস্থাপিত কোনো মতামতকে সরকার সমর্থন করে না বলেও তিনি উল্লেখ করেন।

একই ব্রিফিংয়ে ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়েও কথা বলেন তিনি। জয়সওয়াল জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানকে ভারত সফরের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল, তা এখনো বহাল রয়েছে।

তিনি আরও বলেন, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্বের ভিত্তিতেই তাকে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এটি ব্রিকসের নিয়মিত বৈশ্বিক কূটনৈতিক কাঠামোর অংশ বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর পানিবণ্টন সংক্রান্ত বিষয় যৌথ নদী কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামো এবং কারিগরি পর্যায়ের বিভিন্ন কমিটির মাধ্যমে আলোচনা এগিয়ে নেওয়া হয়। গঙ্গা চুক্তি নবায়নের বিষয়েও একই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *