জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়; এটি সর্বস্তরের মানুষের। তিনি বলেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাবা আশা দেখালেও ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা নাকচ করলেন নেইমার
বিবৃতিতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ড. ইউনূস। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান তিনি।
ড. ইউনূস বলেন, “আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি কী ভীষণ শক্তি নিয়ে এ জাতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।“
তিনি উল্লেখ করেন, আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন পেশার নাগরিক নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন। যুদ্ধাবস্থার মতো ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসকেরা আহতদের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন।
জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার প্রশংসা করে ড. ইউনূস বলেন, তাদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। একইভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আরও পড়ুন: দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: রণধীর জয়সওয়াল
জুলাই গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব।
বিবৃতির শেষাংশে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে সম্মিলিতভাবে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।
