স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পেলেন দুই স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পেলেন দুই স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়।

সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।

অন্যদিকে, সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুসারে নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পিটিশন কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।

এ ছাড়া একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *