ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ইউনিটে আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কারিকুলাম বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এর ফলে ব্যবসায় শিক্ষা ইউনিটের পাশাপাশি বিজ্ঞান ইউনিটেও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পৃথক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
গত ২৩ আগস্ট অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত। এ জন্য সিন্ডিকেটের আলাদা অনুমোদনের প্রয়োজন নেই।
এর আগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। এতে দেশে মেধাপাচারের প্রবণতা বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের আকৃষ্ট করতে ভর্তি পরীক্ষায় কারিকুলামভিত্তিক আলাদা প্রশ্নের ব্যবস্থা করা হয়েছে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। সমালোচকদের কেউ কেউ মনে করছেন, আলাদা প্রশ্নপত্রের মাধ্যমে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। এতে ভর্তি পরীক্ষায় অন্য শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান আলাদা প্রশ্নপত্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, আলাদা প্রশ্নপত্র চালু হলে কোন মাধ্যমের প্রশ্ন তুলনামূলক সহজ বা কঠিন হয়েছে—এ নিয়ে ভবিষ্যতে বিতর্ক তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। আলাদা প্রশ্নপত্রের পরিবর্তে এমন প্রশ্নপদ্ধতি তৈরি করা উচিত, যাতে সব শিক্ষার্থী সমানভাবে প্রতিযোগিতা করতে পারে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে একাধিক সভায় আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে পৃথক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। এবার একই ধরনের ব্যবস্থা বিজ্ঞান ইউনিটেও চালু হতে যাচ্ছে।
