শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতি, সাতজনকে আটক করে পুলিশে দিল বিএনপি-ছাত্রদল-যুবদল

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে মহাসড়কসংলগ্ন এলাকায় কয়েকজনকে জড়ো হতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। পরে তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্যানারসহ মিছিলের প্রস্তুতিতে ব্যবহারের জন্য রাখা কিছু সামগ্রী জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাশকতা চালানোর চেষ্টা করছেন বলে তারা খবর পেয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তার দাবি, সোমবার রাতে নয়নপুর এলাকায় কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা সেখানে যান। পরে সাতজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককেন্দ্রিক কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, খবর পেয়ে সাতজনকে থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার ও মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
