সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় বাধা দিতে বিরোধীদল অপপ্রচার চালাচ্ছে: আমিনুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, তবে বিরোধী দল জনগণের সঙ্গে প্রতারণা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যেসব পরিকল্পনা গ্রহণ করেছেন, সাত মাসের মধ্যেই তার দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে এসেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা অর্জনে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: জামায়াতের আসনগুলোতেই কৃত্রিম সারসংকটের চেষ্টা: প্রতিমন্ত্রী
বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সংসদে সরকারের বিভিন্ন উদ্যোগে সমর্থনের কথা বলা হলেও সংসদের বাইরে তাদের ভিন্ন অবস্থান দেখা যায়। তাঁর অভিযোগ, তারা একদিকে একটি কথা বলছে, অন্যদিকে ভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।
বাক্স্বাধীনতার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন আমিনুল হক। তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর নেতারা বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তির কেউ কেউ একত্র হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ পরিস্থিতিতে দেশের জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমে আস্থা রেখে দেশের অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতা করতে হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়েও কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল দলের অংশগ্রহণ দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই সরকার ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

Pingback: মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের সঙ্গে পরিবারের আপসনামা আদালত আমলে নেননি