লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, বিরোধী দলকে সতর্ক করলেন রাশেদ খাঁন

লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, বিরোধী দলকে সতর্ক করলেন রাশেদ খাঁন

রাষ্ট্রের বিভিন্ন খাতকে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে পুনর্গঠনের জন্য বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খান। একই সঙ্গে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, গত ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের অধিকাংশ খাতকে আওয়ামীকরণ করা হয়েছিল। এসব ‘জঞ্জাল’ থেকে দেশকে রক্ষা করে রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে রাষ্ট্র পুনর্গঠনের বিষয়ে বিরোধী দলের তেমন মনোযোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন রাশেদ খান। বরং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি হতে পারে—এমন কিছু হঠকারী কর্মসূচি বিরোধী দল হাতে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

লংমার্চ প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পরিকল্পনা করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে কর্মসূচি পরিচালনার সক্ষমতা না থাকায় সাধারণ মানুষের ছদ্মবেশে বিরোধী দলের লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

তিনি আরও লেখেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। দীর্ঘ এই পথের দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেও পুরো কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খান আশঙ্কা প্রকাশ করেন, কোনো অঘটন ঘটলে এর দায় বর্তমান বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা হতে পারে। এ প্রসঙ্গে তিনি অতীতের একটি হত্যাকাণ্ডের ঘটনাও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে বিরোধী দলের প্রতি কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলভাবে কর্মসূচি নিতে হবে, কারণ কোনো ভুল সিদ্ধান্তের প্রভাব পুরো জাতিকে বহন করতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *