পোশাক খাতের অসন্তোষে দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

পোশাক খাতের অসন্তোষে দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পে সাম্প্রতিক কয়েক দিনের শ্রমিক অসন্তোষ দীর্ঘমেয়াদি দেশি-বিদেশি বিনিয়োগে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং শ্রমিকদের জন্য সঠিক ও উপযুক্ত বেতন নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’–এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “কোনো ধরনের অস্থিরতাই কাম্য নয়, কারণ অস্থিতিশীলতা নতুন সংকটের জন্ম দেয়। তবে বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার বিষয়, তাই মাত্র কয়েক দিনের সাময়িক ঘটনায় এর সার্বিক গতিপথ বদলে যাবে না।”

অসন্তোষের কারণে শিল্পমালিক, বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের মনে সাময়িক উদ্বেগ তৈরি হওয়াকে স্বাভাবিক উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সার্বিক বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এই বোর্ড শ্রমিকদের জন্য উপযুক্ত ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে।

ভারত-বাংলাদেশ সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দরগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহারের উদ্যোগ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট করেন যে, এসব কার্যক্রম সফল করতে উভয় দেশের পারস্পরিক আগ্রহ ও সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের একক প্রচেষ্টায় এটি সম্ভব নয়, তাই যৌথ পদক্ষেপের মাধ্যমেই বন্দর ও সীমান্ত হাটের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সাথে দেশের বর্তমান অর্থনীতি পুনরুদ্ধার এবং রাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *