বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি গৌতম,  কৃষিকাজে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন

বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি গৌতম,  কৃষিকাজে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন

বলিউডে প্রথম সিনেমা দিয়েই সাফল্যের স্বাদ পেয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তবে সেই সফল অভিষেকের পরও ক্যারিয়ারের পথ মোটেও মসৃণ ছিল না। কাঙ্ক্ষিত কাজের সুযোগ না পাওয়ায় একসময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনকি হিমাচল প্রদেশে ফিরে পারিবারিক কৃষিজমিতে কাজ করে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরেন ইয়ামি। তিনি জানান, ২০১৯ সালে উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগে প্রায় চূড়ান্তভাবেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ইয়ামির ভাষ্য, অভিনয়জীবন থেকে সরে এসে পরিবারের কাছে ফিরে যাওয়ার কথাই ভাবছিলেন তিনি। হিমাচলে তাদের নিজস্ব কৃষিজমি রয়েছে, সেখানে কৃষিকাজে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন জীবন শুরু করার পরিকল্পনা ছিল। এ সিদ্ধান্তে তার বাবা-মাও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন।

২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হলেও পরবর্তী সময়ে প্রত্যাশিত চরিত্র ও কাজের সুযোগ পাননি তিনি। প্রচলিত নায়িকার ছাঁচে নিজেকে উপস্থাপন না করায় সীমিত ধরনের চরিত্রের প্রস্তাব আসতে থাকে, যা তাকে হতাশ করে তোলে।

তিনি আরও বলেন, বলিউডে পারিবারিক পরিচিতি ছাড়া কাজ করা অনেক কঠিন। তারকাসন্তানদের ব্যর্থতার পরও নতুন সুযোগ তৈরি হলেও বহিরাগতদের প্রতিটি সুযোগের জন্য কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়।

ইয়ামির মতে, সেই সময়ে বারবার মনে হতো—যদি তিনিও অন্যদের মতো ধারাবাহিক সুযোগ পেতেন, তাহলে হয়তো নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে পারতেন। সুযোগের অসম বণ্টন তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল।

তবে পরিস্থিতি বদলে যায় উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং পরে বালা’ সিনেমার সাফল্যের মাধ্যমে। এই দুটি সিনেমা তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয় এবং বলিউডে শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করে।

বর্তমানে বলিউডে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি গৌতম। তার মতে, এখন দর্শক একজন শিল্পীর পারিবারিক পরিচয়ের চেয়ে অভিনয় দক্ষতা এবং কাজের মানকেই বেশি গুরুত্ব দেন। এই পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন ইয়ামি গৌতম। বর্তমানে বাছাই করা চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত এই অভিনেত্রীকে শিগগিরই পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা নয়ী নভেলী’-তে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *