রাড্ডা ঘটনায় মিষ্টির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন রাশেদ খাঁন

রাড্ডা ঘটনায় মিষ্টির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন রাশেদ খাঁন

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খান।

তিনি বলেছেন, বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে দলীয়ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রাশেদ খান দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। তাঁর ভাষ্য, এর মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে বিএনপি অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না।

বক্তব্যে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের প্রসঙ্গও টানেন রাশেদ খান। তিনি মন্তব্য করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যদি তাকেও পদত্যাগে বাধ্য করতেন, তাহলে ‘ছোট্ট মেয়ে মরিয়মের’ এমন পরিণতি নাও হতে পারত।

রাশেদ খান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যথেষ্ট হবে।

তিনি বলেন, দেশের ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। কোনো ব্যক্তির অপরাধের কারণে সরকারের উদ্যোগ ও ভালো কাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে। পরে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *