৬ মাসে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে ১৫৭টি অপতথ্য প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ছড়ানো হয়েছে বলেও জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে। এসবের মধ্যে তার বিরুদ্ধেও উল্লেখযোগ্যসংখ্যক অপতথ্য প্রচার হয়েছে বলে জানান তিনি।
মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে মতপ্রকাশের ক্ষেত্রে সরকার উদার থাকতে চায় এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখবে। মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করে গণতান্ত্রিক সরকারের কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, সংবাদমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো সরকারের জন্য কোনো সুফল বয়ে আনে না। অতীতে স্বৈরাচারী সরকারগুলো মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার চেষ্টা করেছে এবং সাংবাদিক আব্দুস সালামের জীবনেও এর প্রতিফলন দেখা গেছে।
বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো গণ-অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হোক—এমনটা কেউ চান না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ভবিষ্যতের বাংলাদেশে সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে এবং দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে।
সরকার সব ক্ষেত্রে সফল হবে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের ভুল-ত্রুটি ও ব্যর্থতা নিয়ে যৌক্তিক সমালোচনা থাকবেই। ভবিষ্যতে জনগণের ভোটে অন্য কোনো দল বা সরকার ক্ষমতায় আসতে পারে—এটিই গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া। তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত উপায়ে সরকার পরিবর্তনের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা ও প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ভূমিকার প্রশংসা করেন তিনি।
