রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখা প্রয়োজন।

বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার মতো নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক পেনহোল্ডার হিসেবে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতেও ব্রিটেন কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।

সাক্ষাৎকালে হুমায়ুন কবিরকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান সারাহ কুক। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বাংলাদেশের বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শিক্ষা, অভিবাসন ও মানুষের চলাচল, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তাসহ পারস্পরিক অগ্রাধিকারমূলক বিভিন্ন ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *