ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রদল অভিযোগ করে, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ থেকে শুরু করে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন—এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান ডাকসু পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষা ও মুক্তিকামী চেতনাকে উপেক্ষা করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি প্রচ্ছন্ন অনুরাগ প্রকাশ পাচ্ছে।

ছাত্রদল আরও অভিযোগ করে, বর্তমান ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট, ন্যায্য অধিকার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তাদের মতে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে ডাকসুকে দলীয় ও আদর্শিক কর্মকাণ্ডের জন্য ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ঐতিহাসিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে অবিলম্বে সংগ্রহশালা থেকে তার ছবি সরিয়ে নেওয়ার দাবি জানায় ছাত্রদল।

পাশাপাশি ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার ক্ষেত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে ঐতিহাসিক মধুর ক্যান্টিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক স্মারক ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার দাবি জানানো হয়।

ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই ঐতিহাসিক চেতনা রক্ষায় তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করবে।

এর আগে, রোববার ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালার সংস্কার শেষে সেটি পুনরায় উদ্বোধন করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এ সময় ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।

সংস্কার করা সংগ্রহশালায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত জিন্নাহর ছবি-সম্বলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদও রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *