অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে এবং ক্ষমতায় গিয়ে দেশের কোষাগার লুট করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশি সহায়তাসহ দেশের বিভিন্ন সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও অর্থ চুরি করে ফিলিপাইনে নেওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় ফিলিপাইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বাংলাদেশে জড়িতদের বিচার হয়নি বলেও অভিযোগ করেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন অন্যায়-অবিচারের বিচার নিয়ে জনগণের দীর্ঘদিনের দাবি থাকলেও বাংলাদেশে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত বিচার হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গড়ার অভিযোগ তুলে স্পিকার বলেন, দেশের সম্পদ লুট করে অনেকে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন। প্রশাসনে এখনো আওয়ামী লীগের কিছু লোক সক্রিয় থাকায় সরকারের সময়কার অনিয়মের প্রকৃত চিত্র জনগণের সামনে পুরোপুরি আসছে না বলেও দাবি করেন তিনি।
ভারতের বিষয়ে স্পিকারের বক্তব্য:
ভারতের প্রতি ইঙ্গিত করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষের স্বার্থের চেয়ে প্রতিবেশী দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ওই সময়ে কয়েকটি অসম চুক্তি করা হয়েছে, যেগুলো বাংলাদেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। চট্টগ্রাম বন্দর ব্যবহারের ক্ষেত্রেও ভারতীয় জাহাজকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেন তিনি।
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে যথাযথ শুল্ক আদায় হচ্ছে না বলেও অভিযোগ করেন স্পিকার। তার দাবি, এতে দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ব্যাহত হচ্ছে।
সীমান্তে হত্যাকাণ্ড নিয়েও ভারতের সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে প্রায়ই মানুষ হত্যার ঘটনা ঘটলেও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে একই ধরনের পরিস্থিতি দেখা যায় না।
মতবিনিময় সভায় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদের সঞ্চালনায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
