আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী ব্যবসায়ী পুনর্বাসনের অভিযোগ রাশেদ খানের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন রাশেদ খান। নিজের ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
রাশেদ খান দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকার সময় আসিফ মাহমুদ আওয়ামী লীগের একজন পদধারী নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসন করেছেন। এ বিষয়ে তিনি আসিফ মাহমুদকে সরাসরি কয়েকবার সতর্ক করেছিলেন বলেও দাবি করেন। তবে তার অভিযোগ, আসিফ মাহমুদ বিষয়টি গুরুত্ব দেননি।

রাশেদ খান আরও দাবি করেন, বিষয়টি এনসিপির নেতাদের জানানো হলেও তখন তাকে বলা হয়েছিল, আসিফ মাহমুদ তাদের কেউ নন এবং তার সঙ্গে এনসিপির কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—এমন তথ্য তিনি নিজে জানেন। পাশাপাশি আসিফ মাহমুদের তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেমের কাছ থেকেও বেশ কিছু তথ্য পাওয়ার দাবি করেন তিনি।
আরও পড়ুন: ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের
রাশেদ খান বলেন, এসব তথ্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে জানিয়েছিলেন। তার দাবি, তথ্যগুলো শোনার পর ওই উপদেষ্টা তাকে প্রশ্ন করেছিলেন, স্বাভাবিক বেতন দিয়ে এত লাখ লাখ টাকা দেওয়া সম্ভব কি না।
পোস্টে রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, এনসিপির নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা কেন আসিফ মাহমুদের পক্ষে শক্ত অবস্থান নিচ্ছেন না। তার দাবি, এসব বিষয়ে দলটির নেতারা অবগত বলেই তারা আসিফ মাহমুদের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন না।
ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খান আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেন।
