যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলার তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে মামলাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

মামলা দুটি হলো—নাদিম হত্যাচেষ্টা ও রাজমিস্ত্রি মো. বাবুল মৃধা হত্যা মামলা। যাত্রাবাড়ী থানার দুই উপপরিদর্শক (এসআই) পৃথকভাবে আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করেন। সংশ্লিষ্ট এসআই মহিন উদ্দিন জানিয়েছেন, অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শিগগিরই আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

নাদিম হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে গত ২৭ জুলাই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের নাম রয়েছে।

অন্যদিকে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় এ মামলায় ১০৫ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও আনোয়ারুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার ও সচিব আনিসুর রহমান, সাবেক সচিব ফয়েজ আহমেদ, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও আহমেদ কায়কাউস, সাবেক সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসানসহ আরও কয়েকজন রয়েছেন।

এদিকে, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রি মো. বাবুল মৃধা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ১৩ আগস্ট অভিযোগপত্র দাখিল করেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান। এ মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ৩৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বাবুল মৃধা হত্যা মামলার আসামিদের মধ্যে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক কয়েকজন সংসদ সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতার নাম রয়েছে।

এ মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডকে।

বাবুল মৃধা হত্যা মামলায় অব্যাহতির সুপারিশ করা ৩৯ জনের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী এবং সাবেক কাউন্সিলর রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *