শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া কূটনৈতিক ও আইনগত উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। সেখানে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ও অংশীদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণসংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতে থাকা বিভিন্ন পদ্ধতিগত দুর্বলতার বিষয়টি তুলে ধরা হয়। যথাযথ যাচাই-বাছাই না হওয়ায় তৈরি হওয়া দীর্ঘদিনের সমস্যাগুলো মোকাবিলায় প্রবাসী কর্মীদের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে যাচাই ও সত্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিদেশে কর্মী পাঠানোর একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়। যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং প্রবাসী কর্মীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাইগ্রেশন উইং চালুর বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। পাশাপাশি দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সম্ভাব্য অভিবাসীদের রক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচার বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এবিএম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *