জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, পরিবার আগে হিন্দু ছিল: ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর পারিবারিক পরিচয় ও শৈশব নিয়ে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তাঁর দাবি, জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন এবং তাদের পরিবার আগে হিন্দু ছিল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, জিন্নাহর বাড়ি ছিল গুজরাটে এবং তিনি একটি মাছ বিক্রেতা পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাছ বিক্রি করতেন বলেও দাবি করেন তিনি। বক্তৃতায় তিনি জিন্নাহর নাম ‘জিন্নাহ পুঞ্জা’ ছিল এবং পরবর্তী সময়ে পরিবারটি ইসলাম গ্রহণ করে বলে উল্লেখ করেন।
তবে ঐতিহাসিক বিভিন্ন সূত্রে জিন্নাহর বাবা জিন্নাহভাই পুঞ্জাকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান সরকারের কায়েদ-ই-আজম একাডেমির তথ্যেও তাঁকে জিন্নাহর বাবা হিসেবে উল্লেখ করে তাঁর পরিবার ও শৈশবের বিবরণ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধে অংশ নেননি, যুদ্ধ সংগঠিত করার কাজেও যুক্ত ছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকা তৈরির সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং শিব নারায়ণ দাসের ঘনিষ্ঠ কর্মী ছিলেন বলেও দাবি করেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
