অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানি, সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগে জিডি

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার তার বাবা-মাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের দাবি, এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামীণফোনের একটি নম্বর থেকে কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইলে ফোন আসে। ফোনটি ধরার পর অপর প্রান্ত থেকে তার পরিচয় জানতে চাওয়া হয়। পরিচয় দেওয়ার পর তাকে অশোভন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। ফোন কেটে দেওয়ার পরও ওই নম্বর থেকে একাধিকবার কল আসতে থাকে। পরে নম্বরটি ব্লক করে দেন তিনি।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন, স্বচ্ছতার দাবি নাহিদ ইসলামের
এরপর এয়ারটেল (সার্কেল) অপারেটরের আরেকটি নম্বর থেকেও বারবার কল আসতে থাকে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে ওই দুই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। তবে ট্রু-কলার অ্যাপে নম্বর দুটি ‘রাসেল স্টোর’ ও ‘মোহাম্মদ আলি’ নামে সংরক্ষিত দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপ্রতিমের বাবা শাহরিয়ার অভিযোগ করেন, ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও তাদের পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এসব ঘটনায় আতঙ্কিত হয়ে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।
