শ্রমিক বিক্ষোভে গাজীপুরের ১৩ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

গাজীপুরের পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে কারখানার উৎপাদন কার্যক্রমে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও পাঁচটি কারখানায় রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলে উত্তেজনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন চলছে। রোববার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হয়ে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে প্রায় ৩০ মিনিট পর তাঁরা অবস্থান ছেড়ে চলে যান।
এদিকে কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিক অসন্তোষের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকার আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলে নিরাপত্তার দায়িত্বে বিজিবির ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য মোতায়েনের কথা জানানো হয়েছে। তাঁদের তদারকিতে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে শ্রমিক অসন্তোষের প্রভাব পুরো শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়েনি। গাজীপুরে থাকা প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে ১৮টি বন্ধ বা ছুটিতে থাকলেও অন্য কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের ধারাবাহিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে কারখানা কর্তৃপক্ষ আইন অনুযায়ী ১৩টি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো সময় সেগুলো আবার চালু করা সম্ভব।
তিনি জানান, শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং কারখানার সম্পদ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

