স্ত্রীসহ পরিবারের সাতজনকে হত্যার পর বললেন ‘শান্তিতে আছি’

The current image has no alternative text. The file name is: Web-Image-5-scaled.png

ভারতের বেঙ্গালুরুতে একই পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। স্ত্রী ও শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার পর কোনো অনুশোচনা নেই ৫২ বছর বয়সী অভিযুক্ত ক্যাবচালক ইন্দুশেখরের। বরং পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, হত্যাকাণ্ডের পর তিনি বেশ শান্তি ও তৃপ্তি অনুভব করছেন।

শনিবার (১৪ নভেম্বর) তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্ত্রীর অপমান এবং শ্বশুরবাড়ির লোকজনের অবহেলার প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেন ইন্দুশেখর। তবে তদন্তকারীদের ধারণা, শ্রীরামপুরা এলাকার প্রায় ৩ কোটি রুপির একটি সম্পত্তি নিয়ে বিরোধও এই হত্যাকাণ্ডের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, হত্যার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন অভিযুক্তের মেয়ে। এমনকি বাবাকে অপরাধ সংঘটনে সহযোগিতা করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, মায়ের অংশের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তিনি বাবার পরিকল্পনায় যুক্ত হন। হত্যার পর বাড়ির মেঝেতে জমে থাকা রক্ত রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করেন এবং মরদেহ সরিয়ে নেওয়ার কাজেও সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

তদন্তে জানা গেছে, শ্রীরামপুরার প্রায় ৩ কোটি রুপির সম্পত্তির বড় অংশ দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে তাঁর শাশুড়ি রূপাবতী দুই ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁকে কেবল আইনগতভাবে প্রাপ্য অংশ দিতে চেয়েছিলেন। এ নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ তৈরি হয়।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ ও টিপসই স্ট্যাম্প পেপারে সংগ্রহ করে রাখেন ইন্দুশেখর। তদন্তকারীরা মনে করছেন, সম্পত্তি আত্মসাতের পরিকল্পনাও হত্যাকাণ্ডের অন্যতম উদ্দেশ্য ছিল।

গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে বিভিন্ন সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত সাতজন হলেন ইন্দুশেখরের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শংকর, তাঁদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী শিশু পুনীত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৬ অক্টোবর স্ত্রী সুনীতাকে শিলনোড়া দিয়ে আঘাত করে হত্যার মধ্য দিয়ে এই ধারাবাহিক হত্যাকাণ্ড শুরু হয়। পরে তাঁর মরদেহ নন্দী হিলসের কাছে ফেলে আসেন অভিযুক্ত। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন কৌশলে পরিবারের অন্য সদস্যদের বাড়িতে ডেকে এনে হত্যা করা হয়।

কাউকে মদ্যপানের আসরে আমন্ত্রণ জানিয়ে, আবার কাউকে পরিবারের অন্য সদস্যদের বেড়াতে যাওয়ার কথা বলে বাড়িতে আনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পরে তাঁদের হত্যা করে মরদেহ বিভিন্ন স্থানে সরিয়ে ফেলা হয়।

তদন্তকারীদের ধারণা, মরদেহগুলো আলাদা আলাদা স্থানে ফেলে রাখলে অপরাধের সূত্র পাওয়া কঠিন হবে—এমনটাই ভেবেছিলেন ইন্দুশেখর ও তাঁর মেয়ে। শুরুতে সাতজনকে হত্যার কথা স্বীকার করলেও তাঁর দেওয়া তথ্যের সত্যতা নিয়ে পুলিশের সন্দেহ ছিল। পরে তাঁর তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধারের পর পুরো ঘটনার ভয়াবহতা স্পষ্ট হয়।

পরিবারের সাত সদস্যকে হত্যার এই ঘটনায় অভিযুক্তের পাশাপাশি তাঁর মেয়ের ভূমিকা নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *