প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘রূপান্তরমূলক নেতা’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। আন্তর্জাতিক পরিমণ্ডলের অনেক নেতা তারেক রহমানকে একজন ‘রূপান্তরমূলক নেতা’ (ট্রান্সফরমেটিভ লিডার) হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১১ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ভূমিকা এবং তাঁর গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
হুমায়ুন কবির জানান, বুধবার কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি।
দিনব্যাপী ব্যস্ত কর্মসূচিতে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট তাঁর দেশের পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
পাকিস্তান, কুয়েত ও ফিলিস্তিন ইস্যুতে আলোচনা
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের সুবাদে লন্ডনের মেয়রের আগ্রহে তাঁর সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উজবেকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী আগামী বছরের সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে, চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কথা হয়। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ সম্ভাবনাময় প্রকল্পগুলোতে চীনা বিনিয়োগের বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বেইজিংয়ের সক্রিয় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
তুরস্কের সঙ্গে সহযোগিতা ও বিশ্বশান্তিতে ভূমিকা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবারের বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে হুমায়ুন কবির জানান, বৈঠকে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ এলে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখবে।
জিরো ওয়েস্ট ব্যবস্থাপনায় ডা. জুবাইদা রহমান
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের কপ-৩১-এর একটি পার্শ্ব-আয়োজনে অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়। জিরো ওয়েস্ট বা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওই অনুষ্ঠানে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত উদ্যোগ এবং এ খাতে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।
