শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে চাপে পড়েছে কি বিএনপি সরকার?

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করার খবরকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক কৌশল নিয়েও নানা বিশ্লেষণ সামনে এসেছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে গত সোমবার লন্ডনভিত্তিক একটি আইন প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়ে একটি আবেদন পাঠানোর খবর প্রকাশিত হয়।
তবে আবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় এগোতে চায়।
এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না এবং বিষয়টি বিএনপি সরকারকে কোনো ধরনের চাপে ফেলছে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
আওয়ামী লীগের তৎপরতা ও দেশে ফেরার ঘোষণা
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর দলটির শীর্ষস্থানীয় অনেক নেতা আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এর মধ্যে জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে ভারতে অবস্থান করেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন শেখ হাসিনা। গত জুলাইয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া লিখিত সাক্ষাৎকারে তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তাঁর প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়তে থাকে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও দেখা গেছে।
সর্বশেষ শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের খবর প্রকাশের কয়েক দিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি ককটেল বিস্ফোরণ এবং ৩২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।
তবে এসব সহিংসতার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি।
পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে সরকারের অবস্থান
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদনের বিষয়টি সামনে আসার পর সরকার সতর্ক অবস্থান নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা যাচাই করা হচ্ছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো সুযোগ নেই।
সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের মাধ্যমে নয়, বরং ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার আপিল করার সুযোগ আর নেই। তার বক্তব্য অনুযায়ী, দেশে ফিরলে তার সাজা কার্যকরের আইনি প্রক্রিয়া সামনে আসবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদনের বিষয়টি সামনে আসার পর সরকার সতর্ক অবস্থান নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা যাচাই করা হচ্ছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো সুযোগ নেই।
সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের মাধ্যমে নয়, বরং ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার আপিল করার সুযোগ আর নেই। তার বক্তব্য অনুযায়ী, দেশে ফিরলে তার সাজা কার্যকরের আইনি প্রক্রিয়া সামনে আসবে।
এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকা অবস্থায় শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকা অবস্থায় শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য
শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন করার বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতের দাবি, আগে বলা হয়েছিল শেখ হাসিনা দেশে ফিরলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাঁর বিচার হবে। এখন তিনি দেশে ফেরার আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে না।
অন্যদিকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সহিংসতার সঙ্গে দলের সংশ্লিষ্টতার অভিযোগের সরাসরি জবাব না দিয়ে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগই আনা হোক, তাতে দলটির প্রতি মানুষের ভালোবাসা কমবে না।
বিএনপি অবশ্য শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী একে আওয়ামী লীগের রাজনৈতিক নাটক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, জনগণকে বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে দলটি।
রাজনৈতিক কৌশল, নাকি দেশে ফেরার বাস্তব উদ্যোগ?
রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের সক্রিয় রাখার কৌশল হতে পারে। একই সঙ্গে এ ধরনের তৎপরতার মাধ্যমে সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টাও থাকতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং এ নিয়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগ একদিকে তাদের কর্মী-সমর্থকদের উজ্জীবিত রাখতে চায়, অন্যদিকে সরকারকেও কিছুটা চাপে রাখার চেষ্টা করছে।
তবে বিএনপির অভ্যন্তরেও বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে। দলটির একাংশ মনে করছে, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না; বরং তাঁর ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা চলছে। আবার অন্য একটি অংশের প্রশ্ন, পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে সরকারের পক্ষ থেকে এতটা গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন ছিল কি না।
শেখ হাসিনা ইস্যুতে চাপে কি বিএনপি সরকার?
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা বিএনপি সরকারকে চাপে ফেলেছে কি না, এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী জানিয়েছেন, এ বিষয়ে বিএনপি কোনো চাপে নেই। তবে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। বেআইনি কর্মকাণ্ডের চেষ্টা হলে সরকার ব্যবস্থা নেবে এবং দল হিসেবেও বিএনপি সতর্ক থাকবে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দলীয় সংসদ সদস্য ও নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে রাজপথে সক্রিয় থাকার কথাও জানিয়েছে দলটি।
জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পতিত ফ্যাসিবাদী শক্তির বিভিন্ন ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। সীমান্তের ওপার থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হলে তা সম্মিলিতভাবে মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মূল্যায়ন, সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে মনে হতে পারে। এ ধরনের ঘটনা আরও বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আওয়ামী লীগ এ তৎপরতার মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের সক্রিয় রাখার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে বিএনপি সরকার বিষয়টিকে রাজনৈতিক চাপ হিসেবে না দেখলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে।


