মানবিক মূল্যবোধ ও মমত্ববোধের রাষ্ট্র গড়তে চায় সরকার: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি মানুষের মমত্ববোধ হবে মূল চালিকাশক্তি। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর জন্য পুনর্নির্মিত বাসার চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সাতটি বাসার চাবি তুলে দেন জুবাইদা রহমান। এ সময় অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, ‘আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
শাহরিয়ারের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তরুণটির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁকে হারাতে হয়েছে। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা জানান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়। আগুনে পুড়ে যায় সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বাসা পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং কড়াইল বস্তির বাসিন্দারা।
