৬ দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, থাকবে হাজার গাড়ি: জামায়াত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগ, সরকারি দলসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
আরও পড়ুন: আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে জনগণের বৈধ ও ন্যায্য দাবি আদায়ের নিয়মতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে এ লংমার্চ আয়োজন করা হচ্ছে। এতে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থাকবে না।
গোলাম পরওয়ার জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। এতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, লংমার্চে অন্তত এক হাজার গাড়ি অংশ নেবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নয়টি জেলা ও মহানগরের নেতাকর্মীরা এতে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পথে ছয় থেকে সাতটি স্থানে শীর্ষ নেতাদের পথসভা করার পরিকল্পনাও রয়েছে।
লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
কর্মসূচির প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, ১১ দলের নেতারা সোমবার পুলিশ সদর দপ্তরে আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে লংমার্চের রুট ও কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে। পুলিশও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
লংমার্চের কারণে সাধারণ মানুষের সম্ভাব্য ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লেন ফাঁকা রাখার চেষ্টা করা হবে। তবে বিপুলসংখ্যক গাড়ির কারণে কোথাও কোথাও সাময়িক যানজট বা চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে।
তিনি বলেন, লংমার্চ সফল করতে ব্যবসা-বাণিজ্য বা সাধারণ মানুষের চলাচলে কিছুটা কষ্ট বা ভোগান্তি হলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগেই সবার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে।
লংমার্চ ঘিরে কোনো নাশকতা বা হামলার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো নেতিবাচক তথ্য বা আশঙ্কার খবর তাদের কাছে নেই।
