বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (WHO)’র গুরুত্বপূর্ণ পদে ইতি, পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (WHO)’র গুরুত্বপূর্ণ পদে ইতি, পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ
সায়মা ওয়াজেদ পুতুল

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

WHO এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের মধ্যে থাকা সায়মা ওয়াজেদ এর আগে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিলেন।

রয়টার্সের তথ্যমতে, আগামী মাসে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে WHO। সায়মা ওয়াজেদ ও WHO-এর কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সায়মা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন। পরের বছরের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন।

এরপর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর সায়মা ওয়াজেদকে ঘিরেও বিভিন্ন তদন্ত ও মামলা শুরু হয়। ২০২৫ সালের জুলাইয়ে WHO তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়।

এদিকে, বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় ২০২৫ সালের নভেম্বরে সায়মা ওয়াজেদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্যও আদালতের নির্দেশের কথা জানানো হয়।

সায়মা ওয়াজেদের পদত্যাগকে শেখ হাসিনা ও তার পরিবারের ওপর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তৈরি হওয়া পরিস্থিতির সর্বশেষ প্রভাবগুলোর একটি হিসেবে দেখছে রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *