মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ, ষড়যন্ত্রের অভিযোগ ফজলুর রহমানের

The current image has no alternative text. The file name is: Fozlur-Rahman-scaled.png

মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নিয়ে কথা বলার কারণে নানা ধরনের চাপ ও ষড়যন্ত্রের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের কথা তুলে ধরে তিনি বলেছেন, এমন পরিস্থিতি কত দিন সহ্য করতে পারবেন, তা তিনি নিজেও জানেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিজের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা এবং সেই ইতিহাসের কথা বলতে গিয়ে তাঁকে হিমালয় পর্বতের সমান চাপ মোকাবিলা করতে হচ্ছে। তাঁর বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র চলছে, তা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন বলেও দাবি করেন তিনি।

একাত্তরের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় প্রথম ধনপুর এলাকায় এসেছিলেন তিনি। সে সময় সেখানে উল্লেখযোগ্য বসতবাড়ি ছিল না। সেই দিনের স্মৃতি এখনো তাঁর মনে অমলিন। অথচ মুক্তিযুদ্ধে নিজের ভূমিকা ও ইতিহাস নিয়ে কথা বলার কারণে বর্তমানে তাঁকে নানা অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে।

নিজের বিরুদ্ধে প্রচারণার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিকে দায়ী করে এই সংসদ সদস্য বলেন, আলবদর-রাজাকারদের সন্তান এবং স্বাধীনতাবিরোধী ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ইউটিউবে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও বক্তব্য দেখলেই এসব প্রচারণার ধরন বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় নিজের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফজলুর রহমান। তিনি বলেন, চলমান চাপ ও পরিস্থিতি কতটা সহ্য করতে পারবেন, কিংবা শেষ পর্যন্ত বেঁচে থাকবেন কি না, সেটি আল্লাহই ভালো জানেন। এ জন্য উপস্থিত সবার কাছে তাঁর জন্য আশীর্বাদ কামনা করেন।

তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাঁর বিশ্বাস, সব ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার অবসান ঘটবে এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য অনুধাবন করতে পারবেন। তাঁর বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র চলছে, সেগুলোরও বিচার করবেন বলে আশা করেন তিনি।

বক্তব্যের শেষ দিকে সত্যের প্রতি নিজের আস্থার কথা পুনর্ব্যক্ত করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যার পরাজয় ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *