মানবতাবিরোধী অপরাধ করে পালানো স্বৈরাচারের দেশে ফেরার সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

Current image: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান রাজধানীতে এক ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন।

মানবতাবিরোধী অপরাধ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের দায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসকের আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিদেশে অবস্থানরত পলাতক স্বৈরাচার আবারও দেশে ফেরার বিষয়ে বক্তব্য দিচ্ছে। তবে তাদের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, দেশ ছাড়ার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেসব ঘটনা ও স্মৃতি জাদুঘর এবং বিশেষ প্রদর্শনীর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হবে। এর মধ্য দিয়ে অতীতের ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছেও স্মরণীয় করে রাখা হবে।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে অতীতে কী ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে এবং কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা ধারাবাহিকভাবে মানুষের সামনে তুলে ধরতে চায় সরকার।

শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবেই তাদের প্রত্যাখ্যান করে, সেই বাস্তবতা তুলে ধরাই লক্ষ্য। এ জন্য জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি ও অতীতের অপরাধের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *